তুমি যে চেয়ে আছ আকাশ ভ'রে, নিশিদিন অনিমেষে দেখছ মোরে ॥ আমি চোখ এই আলোকে মেলব যবে তোমার ওই চেয়ে-দেখা সফল হবে, এ আকাশ দিন গুনিছে তারি তরে ॥ ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি আমার এই একটি কুঁড়ি রইলে বাকি। সে দিনে ধন্য হবে তারার মালা তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা আমার এই আঁধারটুকু ঘুচলে পরে ॥
বাকি আমি রাখব না কিছুই-- তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভূঁই॥ ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো, উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই॥ দখিনসাগর পার হয়ে-যে এলে পথিক তুমি। আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি। আমার কুলায়-ভরা রয়েছে গান, সব তোমারেই করেছি দান-- দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই॥