এই কথাটা ধরে রাখিস-- মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে ॥ অভয় মনে কণ্ঠ ছাড়ি গান গেয়ে তুই দিবি পাড়ি, খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে। পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে। চলার পথে কাঁটা থাকে, দ'লে তোমায় যেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভ'রে নিতে মরণ-আঘাত খেতেই হবে ॥
আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥ অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে, ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥ কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি। গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই-- সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥