দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে, দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে॥ হায় রে সে কাল হায় রে কখন চলে যায় রে আজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে॥ যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো। শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে, তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো। আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি। আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি। হারায় নি তা হারায় নি বৈতরণী পারায় নি-- নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।
ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর— মরমে লুকানো থাক মরমের ভার ।। যে গোপন কথা, সখী, সতত লুকায়ে রাখি ইষ্টদেবমন্ত্রসম পূজি অনিবার । তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে— লুকানো থাক তা, সখী, হৃদয়ে আমার ।। ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি । সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি । আমি তুচ্ছ হতে তুচ্ছ— সে নাম যে অতি উচ্চ, সে নাম যে নহে যোগ্য এই রসনার ।। ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে আকাশের তারকারে পূজে মনে মনে— দিন-দিন পূজা করি শুকায়ে পড়ে সে ঝরি, আজন্ম-নীরবে রহি যায় প্রাণ তার ।।