আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে ॥ তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার, হারায় না সে আর ॥ প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন-- মুকুটে তাঁর পরেন সে রতন ॥
ও আমার ধ্যানেরই ধন, তোমার হৃদয়ে দোলায় যে হাসি রোদন॥ আসে বসন্ত, ফোটে বকুল, কুঞ্জে পূর্ণিমাচাঁদ হেসে আকুল-- তারা তোমায় খুঁজে না পায়, প্রাণের মাঝে আছ গোপন স্বপন॥ আঁখিরে ফাঁকি দাও, একি ধারা! অশ্রুজলে তারে কর সারা। গন্ধ আসে, কেন দেখি নে মালা পায়ের ধ্বনি শুনি, পথ নিরালা। বেলা যে যায়, ফুল যে শুকায়-- অনাথ হয়ে আছে আমার ভুবন॥