গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥ হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই-- আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥ চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি, আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে-- জনমের মতো হায় হয়ে গেল হারা ॥
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা-- মন যে কেমন করে, হল দিশাহারা। যেন কে গিয়েছে ডেকে, রজনীতে সে কে দ্বারে দিল নাড়া-- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥ বঁধু দয়া করো, আলোখানি ধরো হৃদয়ে। আধো-জাগরিত তন্দ্রার ঘোরে আঁখি জলে যায় যে ভ'রে। স্বপনের তলে ছায়াখানি দেখে মনে মনে ভাবি এসেছিল সে কে-- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥