রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥ যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখ মারো; যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে। অনেক তোমার টাকাকড়ি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করী -- অনেক তোমার আছে ভবে। ভাবছ হবে তুমিই যা চাও, জগৎটাকে তুমিই নাচাও, দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে।
না না না বন্ধু, আমি অনেক করেছি বেচাকেনা, অনেক হয়েছে লেনাদেনা-- না না না, এ তো হাটে বিকোবার নয় হার-- না না না, কণ্ঠে দিব আমি তারি যারে বিনা মূল্যে দিতে পারি-- ওগো আছে সে কোথায়, আজো তারে হয় নাই চেনা। না না না, বন্ধু।