কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে। এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে॥ রাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে, আমার ছুটি অবেলাতেই দিনদুপুরে মধ্যখানে-- কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তাই কেই বা জানে॥ মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া। মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, অলস-বেলায় খেলার সাথি এবার আমার হৃদয় টানে-- বিনা-কাজের ডাক পড়েছে কেন যে তাই কেই বা জানে॥
আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে॥ যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়-- সুর যায় ভেসে কার উদ্দেশে॥ ওই মুখপানে চেয়ে দেখি-- তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে নূতন কালের বেশে। কভু জাগে মনে আজও যে জাগে নি এ জীবনে গানের খেয়া সে মাগে আমার তীরে এসে॥