আহা মরি মরি, মহেন্দ্রনিন্দিতকান্তি উন্নতদর্শন কারে বন্দী করে আনে চোরের মতন কঠিন শৃঙ্খলে। শীঘ্র যা লো সহচরী, যা লো, যা লো-- বল্ গে নগরপালে মোর নাম করি, শ্যামা ডাকিতেছে তারে। বন্দী সাথে লয়ে একবার আসে যেন আমার আলয়ে দয়া করি॥
ওরে, নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ॥ কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না ওরে হিসাবি, এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?। যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজাজিতের পথে। জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ ক'রে তুই করবি আপন জানা। চলায় চলায় বাজবে জয়ের ভেরী-- পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি ॥