থামো থামো, কোথায় চলেছ পালায়ে সে কোন্ গোপন দায়ে। আমি নগর-কোটালের চর। আমি বণিক, আমি চলেছি আপন ব্যবসায়ে, চলেছি দেশান্তর। কী আছে তোমার পেটিকায়। আছে মোর প্রাণ আছে মোর শ্বাস। খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস।
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ॥ সে নামখানি নেমে এল ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তিধারায় বেদন গেল ধুয়ে-- আপন আমার আপনি মরে লাজে ॥ মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক-না নামময়, আঁধারে মোর তোমার আলোয় জয় গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥