ওরে ভীরু, তোমার হাতে নাই ভূবনের ভার। হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ॥ তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়-- চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায়? আসুক-নাকো গহন রাতি, হোক-না অন্ধকার-- হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ॥ পশ্চিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা, আনন্দে তুই পুবের দিকে দেখ্-না তারার শোভা। সাথি যারা আছে তারা তোমার আপন ব'লে ভাবো কি তাই রক্ষা পাবে তোমারি ওই কোলে? উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার-- হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ॥
আমার হারিয়ে যাওয়া দিন আর কি খুঁজে পাব তারে বাদল-দিনের আকাশ-পারে-- ছায়ায় হল লীন। কোন্ করুণ মুখের ছবি পুবেন হাওয়ায় মেলে দিল সজল ভৈরবী। এই গহন বনচ্ছায় অনেক কালের স্তব্ধবাণী কাহার অপেক্ষায় আছে বচনহীন॥