আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসরমত বাসিয়ো। নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥ আমি সারানিশি তোমা-লাগিয়া রব বিরহশয়নে জাগিয়া-- তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥ তুমি চিরদিন মধুপবনে চির- বিকশিত বনভবনে যেয়ো মনোমত পথ ধরিয়া তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো। যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী-- মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥
আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-- বারে বারে ॥ ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥ কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা। কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে ॥