আমায় দাও গো ব'লে সে কি তুমি আমায় দাও দোলা অশান্তিদোলে। দেখতে না পাই পিছে থেকে আঘাত দিয়ে হৃদয়ে কে ঢেউ যে তোলে ॥ মুখ দেখি নে তাই লাগে ভয়-- জানি না যে, এ কিছু নয়। মুছব আঁখি, উঠব হেসে-- দোলা যে দেয় যখন এসে ধরবে কোলে ॥
ফিরো না ফিরো না আজি– এসেছ দুয়ারে। শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে।। আজ তাঁরে যাও দেখে, হৃদয়ে আনো গো ডেকে– অমৃত ভরিয়া লও মরমমাঝারে।। শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও। শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও। তোমার কথা তাঁরে কয়ে তাঁর কথা যাও লয়ে– চলে যাও তাঁর কাছে রাখি আপনারে।।