শক্তির সংঘাত-মাঝে বিশ্বে যিনি শান্ত যিনি স্থির, কর্মতাপে মর্মদাহে তিনি দিন শান্তিসুধানীর। সংসারের আবর্তনে নির্বিচল যে মঙ্গলময়, দুঃখে সুখে ক্ষতি-লাভে তিনি দিন ভয়হীন জয়। বিশ্বের বৈচিত্র৻-মাঝে যিনি এক যিনি অদ্বিতীয়, নিখিলেরে নিশিদিন করে দিন আমাদের প্রিয়। তিনিই আমার পিতা-- বলো, মন, বলো "পিতা নোহসি'।
কেমন করে এমন বাধা ক্ষয় হবে। আপনাকে যে আপনি হারায় কেমনে তার জয় হবে। শত্রু বাঁধা আলিঙ্গনে যত প্রণয় তারি সনে-- মুক্ত উদার কোন্ প্রেমে তার লয় হবে। কেমন করে এমন বাধা ক্ষয় হবে। যে মত্ততা বারে বারে ছোটে সর্বনাশের পারে কোন্ শাসনে কবে তাহার ভয় হবে। কুহেলিকার অন্ত না পাই, কাটবে কখন ভাবি যে তাই-- এক নিমেষে তুমি হৃদয়ময় হবে। কেমন করে এমন বাধা ক্ষয় হবে।