তুমি আমার আপন, তুমি আছ আমার কাছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। আমায় দাও সুধাময় সুর, আমার বাণী করো সুমধুর; আমার প্রিয়তম তুমি, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। এই নিখিল আকাশ ধরা এই যে তোমায় দিয়ে ভরা, আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে বলতে দাও। দুখি জেনেই কাছে আস, ছোটো বলেই ভালোবাস, আমার ছোটো মুখে এই কথাটি বলতে দাও হে বলতে দাও।
তুমি আড়াল পেলে কেমনে এই মুক্ত আলোর গগনে? কেমন করে শূন্য সেজে ঢাকা দিলে আপনাকে যে, সেই খেলাটি উঠল বেজে বেদনে-- আমার প্রাণের বেদনে। আমি এই বেদনার আলোকে তোমায় দেখব দ্যুলোক-ভূলোকে। সকল গগন বসুন্ধরা বন্ধুতে মোর আছে ভরা, সেই কথাটি দেবে ধরা জীবনে-- আমার গভীর জীবনে।
দুঃস্বপন কোথা হতে এসে জীবনে বাধায় গণ্ডগোল। কেঁদে উঠে জেগে দেখি শেষে কিছু নাই আছে মার কোল। ভেবেছিনু আর-কেহ বুঝি, ভয়ে তাই প্রাণপণে যুঝি, তব হাসি দেখে আজ বুঝি তুমিই দিয়েছ মোরে দোল। এ জীবন সদা দেয় নাড়া লয়ে তার সুখ দুখ ভয়; কিছু যেন নাই গো সে ছাড়া, সেই যেন মোর সমুদয়। এ ঘোর কাটিয়া যাবে চোখে নিমেষেই প্রভাত-আলোকে, পরিপূর্ণ তোমার সম্মুখে থেমে যাবে সকল কল্লোল।