বসন্তের ফুল তোরই সুধাস্পর্শে লেপা আমারে করিল আজি এপ্রিলের ক্ষেপা। পাকা চুল কেঁচে গেল, বুদ্ধি গেল ফেঁসে-- যে দেখে আমার দশা সেই যায় হেসে। বিনা বাক্যে ঘটাইলি এমন প্রমাদ, তারি সঙ্গে আছে আরো বচনের ফাঁদ। আমি যে মেনেছি হার নিজেরেই ছলি, অবোধ সেজেছি কেন কারণটা বলি। বিপাকের সেতু একা নহে তরিবার-- পাশে এসে ধরো হাত, জোড়ে হব পার।
যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে, হে মোর স্বদেশ, মোরা তারি কাছে ফিরি সম্মানের তরে পরি তারি বেশ। বিদেশী জানে না তোরে অনাদরে তাই করে অপমান, মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই আপন সন্তান। তোমার যা দৈন্য, মাতঃ, তাই ভূষা মোর কেন তাহা ভুলি? পরধনে ধিক্ গর্ব, করি করজোড় ভরি ভিক্ষাঝুলি! পুণ্যহস্তে শাক-অন্ন তুলে দাও পাতে তাই যেন রুচে, মোটা বস্ত্র বুনে দাও যদি নিজহাতে তাহে লজ্জা ঘুচে। সেই সিংহাসন--যদি অঞ্চলটি পাত, কর স্নেহ দান। যে তোমারে তুচ্ছ করে সে আমারে, মাতঃ, কী দিবে সম্মান!