উইলি পিয়র্সন্ বন্ধুবরেষু আপনারে তুমি সহজে ভুলিয়া থাক, আমরা তোমারে ভুলিতে পারি না তাই। সবার পিছনে নিজের গোপনে রাখ, আমরা তোমারে প্রকাশ করিতে চাই। ছোটোরে কখনো ছোট নাহি কর মনে, আদর করিতে জান অনাদৃত জনে, প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য, তোমারে আদরি আপনারে করি ধন্য। স্নেহাসক্ত শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
খুদিরাম ক'সে টান দিল থেলো হুঁকোতে-- গেল সারবান কিছু অন্তরে ঢুকোতে। অবশেষে হাঁড়ি শেষ করি রসগোল্লার রোদে বসে খুদুবাবু গান ধরে মোল্লার; বলে, 'এতখানি রস দেহ থেকে চুকোতে হবে তাকে ধোঁয়া দিয়ে সাত দিন শুকোতে।'