শক্তির সংঘাত-মাঝে বিশ্বে যিনি শান্ত যিনি স্থির, কর্মতাপে মর্মদাহে তিনি দিন শান্তিসুধানীর। সংসারের আবর্তনে নির্বিচল যে মঙ্গলময়, দুঃখে সুখে ক্ষতি-লাভে তিনি দিন ভয়হীন জয়। বিশ্বের বৈচিত্র৻-মাঝে যিনি এক যিনি অদ্বিতীয়, নিখিলেরে নিশিদিন করে দিন আমাদের প্রিয়। তিনিই আমার পিতা-- বলো, মন, বলো "পিতা নোহসি'।
মিথ্যা আমি কী সন্ধানে যাব কাহার দ্বার। পথ আমারে পথ দেখাবে, এই জেনেছি সার। শুধাতে যাই যারি কাছে, কথার কি তার অন্ত আছে। যতই শুনি চক্ষে ততই লাগায় অন্ধকার। পথের ধারে ছায়াতরু নাই তো তাদের কথা, শুধু তাদের ফুল-ফোটানো মধুর ব্যাকুলতা। দিনের আলো হলে সারা অন্ধকারে সন্ধ্যাতারা শুধু প্রদীপ তুলে ধরে কয় না কিছু আর।