সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি সকলি তোর হবে মাটি। একমনে তোর একতারাতে একটি যে তার সেইটে বাজা, ফুলবনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে, যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে। লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে, যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা-- একতারাতে একটি যে তার আপন মনে সেইটি বাজা।
ননীলাল বাবু যাবে লঙ্কা; শ্যালা শুনে এল, তার ডাক-নাম টঙ্কা। বলে, 'হেন উপদেশ তোমারে দিয়েছে সে কে, আজও আছে রাক্ষস, হঠাৎ চেহারা দেখে রামের সেবক ব'লে করে যদি শঙ্কা। আকৃতি প্রকৃতি তব হতে পারে জম্কালো, দিদি যা বলুন, মুখ নয় কভু কম কালো -- খামকা তাদের ভয় লাগিবে আচমকা। হয়তো বাজাবে রণডঙ্কা।'