কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার, পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশকুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা মনে মনে।
যখনি যেমনি হোক জিতেনের মর্জি কথায় কথায় তার লাগে আশ্চর্যি। অডিটর ছিল জিতু হিসাবেতে টঙ্ক, আপিসে মেলাতেছিল বজেটের অঙ্ক; শুনলে সে, গেছে দেশে রামদীন দর্জি, শুনতে না-শুনতেই বলে 'আশ্চর্যি'। যে দোকানি গাড়ি তাকে করেছিল বিক্রি কিছুতে দাম না পেয়ে করেছে সে ডিক্রি, বিস্তর ভেবে জিতু উঠল সে গর্জি-- 'ভারি আশ্চর্যি'। শুনলে, জামাইবাড়ি ছিল বুড়ি ঝিনাদায়, ছ বছর মেলেরিয়া ভুগে ভুগে চিনা দায়, সেদিন মরেছে শেষে পুরোনো সে ওর ঝি, জিতেন চশমা খুলে বলে 'আশ্চর্যি'।