কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে, ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন্ দেশে সে কোন্ দেশে। কূলহারা সেই সমুদ্র-মাঝখানে শোনাব গান একলা তোমার কানে, ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে। আজো সময় হয় নি কি তার, কাজ কি আছে বাকি। ওগো ওই-যে সন্ধ্যা নামে সাগরতীরে। মলিন আলোয় পাখা মেলে সিন্ধুপারের পাখি আপন কুলায়-মাঝে সবাই এল ফিরে। কখন তুমি আসবে ঘাটের 'পরে বাঁধনটুকু কেটে দেবার তরে। অস্তরবির শেষ আলোটির মতো তরী নিশীথমাঝে যাবে নিরুদ্দেশে।
কাঁচড়াপাড়াতে এক ছিল রাজপুত্তর, রাজকন্যারে লিখে পায় না সে উত্তর। টিকিটের দাম দিয়ে রাজ্য বিকাবে কি এ, রেগেমেগে শেষকালে বলে ওঠে--দুত্তোর! ডাকবাবুটিকে দিল মুখে ডালকুত্তোর।
বাদলবেলায় গৃহকোণে রেশমে পশমে জামা বোনে, নীরবে আমার লেখা শোনে, তাই সে আমার শোনামণি। প্রচলিত ডাক নয় এ যে দরদীর মুখে ওঠে বেজে, পন্ডিতে দেয় নাই মেজে-- প্রাণের ভাষাই এর খনি। সেও জানে আর জানি আমি এ মোর নেহাত পাগলামি-- ডাক শুনে কাজ যায় থামি, কঙ্কণ ওঠে কনকনি। সে হাসে, আমিও তাই হাসি-- জবাবে ঘটে না কোনো বাধা। অভিধান-বর্জিত ব'লে মানে আমাদের কাছে সাদা। কেহ নাহি জানে কোন্ খনে পশমের শিল্পের সাথে সুকুমার হাতের নাচনে নূতন নামের ধ্বনি গাঁথে শোনামণি, ওগো সুনয়নী।