প্রভু, আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি। এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী। যদি বাঁধি তোমার হাতে পড়ব বাঁধা সবার সাথে, যেখানে যে আছে কেহই রবে না বাকি। আজি যেন ভেদ নাহি রয় আপনা পরে, তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে। তোমার সাথে যে বিচ্ছেদে ঘুরে বেড়াই কেঁদে কেঁদে, ক্ষণেক-তরে ঘুচাতে তাই তোমারে ডাকি।
সেই তো আমি চাই। সাধনা যে শেষ হবে মোর সে ভাবনা তো নাই। ফলের তরে নয় তো খোঁজা-- কে বইবে সে বিষম বোঝা, যেই ফলে ফল ধুলায় ফেলে আবার ফুল ফুটাই। এমনি করে মোর জীবনে অসীম ব্যাকুলতা, নিত্য নূতন সাধনাতে নিত্য নূতন ব্যথা। পেলেই সে তো ফুরিয়ে ফেলি, আবার আমি দু হাত মেলি-- নিত্য দেওয়া ফুরায় না যে নিত্য নেওয়া তাই।