'WHAT IS THERE but the sky, O Sun, that can hold thine image?' I dream of thee, but to serve thee I can never hope,' the dewdrop wept and said, 'I am too small to take thee unto me, great lord, and my life is all tears.' 'I illumine the limitless sky, yet I can yield myself up to a tiny drop of dew,' thus the Sun said; 'I shall become but a sparkle of light and fill you, and your little life will be a laughing orb.'
হে বন্ধু, প্রসন্ন হও, দূর করো ক্রোধ। তোমাদের সাথে মোর বৃথা এ বিরোধ। আমি চলিবারে চাই যেই পথ বাহি সেথা কারো তরে কিছু স্থানাভাব নাহি। সপ্তলোক সেই পথে চলে পাশে পাশে তবু তার অন্ত নাই মহান আকাশে। তোমার ঐশ্বর্যরাশি গৃহভিত্তিমাঝে ব্রহ্মান্ডেরে তুচ্ছ করি দীপ্তগর্বে সাজে। তারে সেই বিশ্বপথে করিলে বাহির মুহূর্তে সে হবে ক্ষুদ্র ম্লান নতশির-- সেথা তার চেয়ে শ্রেষ্ঠ নব তৃণদল বরষার বৃষ্টিধারে সরস শ্যামল। সেথা তার চেয়ে শ্রেষ্ঠ, ওগো অভিমান, এ আমার আজিকার অতি ক্ষুদ্র গান।
বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর। মালা ছিল, তার ফুলগুলি গেছে, রয়েছে ডোর। নেই আর সেই চুপি-চুপি চাওয়া, ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া-- চেয়ে আছে আঁখি, নাই ও আঁখিতে প্রেমের ঘোর। বাহুলতা শুধু বন্ধনপাশ বাহুতে মোর। হাসিটুকু আর পড়ে না তো ধরা অধরকোণে, আপনারে আর চাহ না লুকাতে আপন মনে। স্বর শুনে আর উতলা হৃদয় উথলি উঠে না সারা দেহময়, গান শুনে আর ভাসে না নয়নে নয়নলোর। আঁখিজলরেখা ঢাকিতে চাহে না শরম চোর। বসন্ত নাহি এ ধরায় আর আগের মতো, জ্যোৎস্নাযামিনী যৌবনহারা জীবনহত। আর বুঝি কেহ বাজায় না বীণা, কে জানে কাননে ফুল ফোটে কি না-- কে জানে সে ফুল তোলে কি না কেউ ভরি আঁচোর। কে জানে সে ফুলে মালা গাঁথে কি না সারা প্রহর। বাঁশি বেজেছিল, ধরা দিনু যেই থামিল বাঁশি-- এখন কেবল চরণে শিকল কঠিন ফাঁসি। মধু নিশা গেছে, স্মৃতি তারি আজ মর্মে মর্মে হানিতেছে লাজ-- সুখ গেছে, আছে সুখের ছলনা হৃদয়ে তোর। প্রেম গেছে, শুধু আছে প্রাণপণ মিছে আদর। কতই না জানি জেগেছ রজনী করুণ দুখে, সদয় নয়নে চেয়েছ আমার মলিন মুখে। পরদুখভার সহে নাকো আর, লতায়ে পড়িছে দেহ সুকুমার-- তবু আসি আমি পাষাণ হৃদয় বড়ো কঠোর। ঘুমাও, ঘুমাও, আঁখি ঢুলে আসে ঘুমে কাতর।