অপরাধ যদি ক'রে থাকো কেন ঢাকো মিথ্যা মোর কাছে। শাসনের দণ্ড সে কি এই হাতে আছে যে হাতে তোমার কণ্ঠে পরায়েছি বরণের হার। শাস্তি এ আমার। ভাগ্যেরে করেছি জয় এ বিশ্বাসে মনে মনে ছিলাম নির্ভয়। আলস্যে কি ভেবেছিনু তাই-- সাধনার আয়োজনে আর মোর প্রয়োজন নাই। রুষ্ট ভাগ্য ভেঙে দিল অহংকার। যা ঘটিল তাই আমি করিনু স্বীকার। ক্ষমা করো মোরে। আপনারে রেখেছিনু কারাগার ক'রে তোমারে ঘিরিয়া, পীড়িয়াছি ফিরিয়া ফিরিয়া দিনে রাতে। কখনো অজ্ঞাতে যেখানে বেদনা তব সেখানে দিয়েছি মোর ভার। বিষম দুঃসহ বোঝা এ ভালোবাসার সেখানে দিয়েছি চেপে ভালোবাসা নেই যেখানেতে। বসেছি আসন পেতে যেখানে স্থানের টানাটানি। হায় জানি, কী ব্যথা কঠোর! এ প্রেমের কারাগারে মোর যন্ত্রণায় জাগি সুরঙ্গ কেটেছ যদি পরিত্রাণ লাগি দোষ দিব কারে। শাস্তি তো পেয়েছ তুমি এতদিন সেই রুদ্ধদ্বারে। সে শাস্তির হোক অবসান। আজ হতে মোর শাস্তি শুরু হবে, বিধির বিধান।
দেহে মনে সুপ্তি যবে করে ভর সহসা চৈতন্যলোকে আনে কল্পান্তর, জাগ্রত জগৎ চলে যায় মিথ্যার কোঠায়। তখন নিদ্রার শূন্য ভরি স্বপ্নসৃষ্টি শুরু হয়, ধ্রুব সত্য তারে মনে করি। সেও ভেঙে যায় যবে পুনর্বার জেগে উঠি অন্য এক ভবে; তখনি তাহারে সত্য বলি, নিশ্চিত স্বপ্নের রূপ অনিশ্চিতে কোথা যায় চলি। তাই ভাবি মনে যদি এ জীবন মোর গাঁথা থাকে মায়ার স্বপনে, মৃত্যুর আঘাতে জেগে উঠে অজিকার এ জগৎ অকস্মাৎ যায় টুটে, সব-কিছু অন্য-এক অর্থে দেখি-- চিত্ত মোর চমকিয়া সত্য বলি তারে জানিবে কি? সহসা কি উদিবে স্মরণে ইহাই জাগ্রত সত্য অন্যকালে ছিল তার মনে?