মিলনের রথ চলে জীবনের পথে দিনে রাতে, বৎসরে বৎসরে আসে কালের নূতন সীমানাতে, চিরযাত্রী ঋতু যথা বসন্তের আনন্দমন্দিরে ফাল্গুনে ফাল্গুনে আনে মাধুরীর অর্ঘ্য ফিরে ফিরে।
আমার এ গান ছেড়েছে তার সকল অলংকার, তোমার কাছে রাখে নি আর সাজের অহংকার। অলংকার যে মাঝে পড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। তোমার কাছে খাটে না মোর কবির গরব করা, মহাকবি, তোমার পায়ে দিতে চাই যে ধরা। জীবন লয়ে যতন করি' যদি সকল বাঁশি গড়ি, আপন সুরে দিবে ভরি সকল ছিদ্র তার।