যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর-ছানা -- তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা? সত্যি করে বল্ আমায় করিস নে মা, ছল -- বলতে আমায় "দূর দূর দূর। কোথা থেকে এল এই কুকুর'? যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাব না তোর হাতে, আমি খাব না তোর পাতে।
যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা, উড়ে আমায় রাখতে শিকল দিয়ে? সত্যি করে বল্ আমায় করিস নে মা, ছল-- বলতে আমায় "হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি'? তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে।
এ সংসারে একদিন নববধূবেশে তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে, রাখিলে আমার হাতে কম্পমান হাত, সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ? শুধু এক মুহূর্তের এ নহে ঘটনা, অনাদিকালের এ আছিল মন্ত্রণা। দোঁহার মিলনে মোরা পূর্ণ হব দোঁহে, বহু যুগ আসিয়াছি এই আশা বহে। নিয়ে গেছ কতখানি মোর প্রাণ হতে, দিয়ে গেছ কতখানি এ জীবনস্রোতে! কত দিন কত রাত্রে কত লজ্জাভয়ে কত ক্ষতিলাভে কত জয়ে পরাজয়ে রচিতেছিলাম যাহা মোরা শ্রান্তিহারা সাঙ্গ কে করিবে তাহা মোরা দোঁহে ছাড়া?