নিবিড়তিমির নিশা, অসীম কান্তার, লক্ষ দিকে লক্ষ জন হইতেছে পার। অন্ধকারে অভিসার, কোন্ পথপানে কার তরে, পান্থ তাহা আপনি না জানে। শুধু মনে হয় চিরজীবনের সুখ এখনি দিবেক দেখা লয়ে হাসিমুখ। কত স্পর্শ কত গন্ধ কত শব্দ গান কাছ দিয়ে চলে যায় শিহরিয়া প্রাণ। দৈবযোগে ঝলি উঠে বিদ্যুতের আলো, যারেই দেখিতে পাই তারে বাসি ভালো-- তাহারে ডাকিয়া বলি--ধন্য এ জীবন, তোমারি লাগিয়া মোর এতেক ভ্রমণ। অন্ধকারে আর সবে আসে যায় কাছে, জানিতে পারি নে তারা আছে কি না আছে।
দুঃস্বপন কোথা হতে এসে জীবনে বাধায় গণ্ডগোল। কেঁদে উঠে জেগে দেখি শেষে কিছু নাই আছে মার কোল। ভেবেছিনু আর-কেহ বুঝি, ভয়ে তাই প্রাণপণে যুঝি, তব হাসি দেখে আজ বুঝি তুমিই দিয়েছ মোরে দোল। এ জীবন সদা দেয় নাড়া লয়ে তার সুখ দুখ ভয়; কিছু যেন নাই গো সে ছাড়া, সেই যেন মোর সমুদয়। এ ঘোর কাটিয়া যাবে চোখে নিমেষেই প্রভাত-আলোকে, পরিপূর্ণ তোমার সম্মুখে থেমে যাবে সকল কল্লোল।