তুমি মোরে পার না বুঝিতে? প্রশান্ত বিষাদভরে দুটি আঁখি প্রশ্ন ক'রে অর্থ মোর চাহিছে খুঁজিতে, চন্দ্রমা যেমন ভাবে স্থিরনতমুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে। কিছু আমি করি নি গোপন। যাহা আছে সব আছে তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত মন। দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পার না? এ যদি হইত শুধু মণি, শত খণ্ড করি তারে সযত্নে বিবিধাকারে একটি একটি করি গণি একখানি সূত্রে গাঁথি একখানি হার পরাতেম গলায় তোমার। এ যদি হইত শুধু ফুল, সুগোল সুন্দর ছোটো, উষালোকে ফোটো-ফোটো, বসন্তের পবনে দোদুল, বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে-- পরায়ে দিতেম কালো চুলে। এ যে সখী, সমস্ত হৃদয়। কোথা জল, কোথা কূল, দিক হয়ে যায় ভুল, অন্তহীন রহস্যনিলয়। এ রাজ্যের আদি অন্ত নাহি জান রানী-- এ তবু তোমার রাজধানী। কী তোমারে চাহি বুঝাইতে? গভীর হৃদয়-মাঝে নাহি জানি কী যে বাজে নিশিদিন নীরব সংগীতে-- শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন রজনীর ধ্বনির মতন। এ যদি হইত শুধু সুখ, কেবল একটি হাসি অধরের প্রান্তে আসি আনন্দ করিত জাগরূক। মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয়বারতা, বলিতে হত না কোনো কথা। এ যদি হইত শুধু দুখ, দুটি বিন্দু অশ্রুজল দুই চক্ষে ছলছল, বিষণ্ণ অধর, ম্লান মুখ, প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা, নীরবে প্রকাশ হত কথা। এ যে সখী, হৃদয়ের প্রেম, সুখদুঃখবেদনার আদি অন্ত নাহি যার-- চিরদৈন্য চিরপূর্ণ হেম। নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে, তাই আমি না পারি বুঝাতে। নাই বা বুঝিলে তুমি মোরে! চিরকাল চোখে চোখে নূতন নূতনালোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বুঝা যায় আধো প্রেম, আধখানা মন-- সমস্ত কে বুঝেছে কখন?
আমার বয়সে মনকে বলবার সময় এল-- কাজ নিয়ে কোরো না বাড়াবাড়ি ধীরে সুস্থে চলো, যথোচিত পরিমাণে ভুলতে করো শুরু যাতে ফাঁক পড়ে সময়ের মাঝে মাঝে। বয়স যখন অল্প ছিল কর্তব্যের বেড়ায় ফাঁক ছিল যেখানে সেখানে। তখন যেমন-খুশির ব্রজধামে ছিল বালগোপালের লীলা। মথুরার পালা এল মাঝে, কর্তব্যের রাজাসনে। আজ আমার মন ফিরেছে সেই কাজ-ভোলার অসাবধানে। কী কী আছে দিনের দাবি পাছে সেটা যাই এড়িয়ে বন্ধু তার ফর্দ রেখে যায় টেবিলে। ফর্দটাও দেখতে ভুলি, টেবিলে এসেও বসা হয় না-- এম্নিতরো ঢিলে অবস্থা। গরম পড়েছে ফর্দে এটা না ধরলেও মনে আনতে বাধে না। পাখা কোথায়, কোথায় দার্জিলিঙের টাইম-টেবিলটা, --এমনতরো হাঁপিয়ে ওঠবার ইশারা ছিল থার্মোমিটারে। তবু ছিলেম স্থির হয়ে। বেলা দুপুর, আকাশ ঝাঁ ঝাঁ করছে, ধূ ধূ করছে মাঠ, তপ্ত বালু উড়ে যায় হূহু করে-- খেয়াল হয় না। বনমালী ভাবে দরজা বন্ধ করাটা ভদ্রঘরের কায়দা-- দিই তাকে এক ধমক। পশ্চিমের সাশির ভিতর দিয়ে রোদ ছড়িয়ে পড়ে পায়ের কাছে। বেলা যখন চারটে বেহারা এসে খবর নেয়, চিট্ঠি? হাত উলটিয়ে বলি, নাঃ। ক্ষণকালের জন্য খটকা লাগে চিঠি লেখা উচিত ছিল-- ক্ষণকালটা যায় পেরিয়ে, ডাকের সময় যায় তার পিছন পিছন। এ দিকে বাগানে পথের ধারে টগর গন্ধরাজের পুঁজি ফুরোয় না, এরা ঘাটে-জটলা-করা বউদের মতো পরস্পর হাসাহাসি ঠেলাঠেলিতে মাতিয়ে তুলেছে কুঞ্জ আমার। কোকিল ডেকে ডেকে সারা-- ইচ্ছে করে তাকে বুঝিয়ে বলি, অত একান্ত জেদ কোরো না বনান্তরের উদাসীনকে মনে রাখবার জন্যে। মাঝে মাঝে ভুলো, মাঝে মাঝে ফাঁক বিছিয়ে রেখো জীবনে; মনে রাখার মানহানি কোরো না তাকে দুঃসহ ক'রে। মনে আনবার অনেক দিন-ক্ষণ আমারো আছে, অনেক কথা, অনেক দুঃখ। তার ফাঁকের ভিতর দিয়েই নতুন বসন্তের হাওয়া আসে রজনীগন্ধার গন্ধে বিষণ্ন হয়ে; তারি ফাঁকের মধ্যে দিয়ে কাঁঠালতলার ঘন ছায়া তপ্ত মাঠের ধারে দূরের বাঁশি বাজায় অশ্রুত মূলতানে। তারি ফাঁকে ফাঁকে দেখি-- ছেলেটা ইস্কুল পালিয়ে খেলা করছে হাঁসের বাচ্ছা বুকে চেপে ধ'রে পুকুরের ধারে ঘাটের উপর একলা ব'সে সমস্ত বিকেল বেলাটা। তারি ফাঁকের ভিতর দিয়ে দেখতে পাই লিখছে চিঠি নূতন বধূ, ফেলছে ছিঁড়ে, লিখছে আবার। একটুখানি হাসি দেখা দেয় আমার মুখে, আবার একটুখানি নিশ্বাসও পড়ে।