আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি। বাহিরপানে চোখ মেলেছি হৃদয়পানেই চাই নি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলে ছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ-সুখের গানে সুর দিয়েছ তুমি,আমি তোমার গান তো গাই নি।
সভায় তোমার থাকি সবার শাসনে। আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে। তাকায় সকল লোকে তখন দেখতে না পাই চোখে কোথায় অভয় হাসি হাসো আপন আসনে। কবে আমার এ লজ্জাভয় খসাবে, তোমার একলা ঘরের নিরালাতে বসাবে। যা শোনাবার আছে গাব ওই চরণের কাছে, দ্বারের আড়াল হতে শোনে বা কেউ না শোনে।