প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ । তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান। আরো আলো আরো আলো এই নয়নে, প্রভু, ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো আরো আরো দাও তান। আরো বেদনা আরো বেদনা দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে তুমি আরো আরো আরো করো দান।
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে-- নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। তোমায় দিতে পূজার ডালি বেড়িয়ে পড়ে সকল কালি, পরান আমার পারি নে তাই পায়ে থুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে দিয়ো না গো, দিয়ো না আর ধুলায় শুতে।