আমি হাল ছাড়লে তবে তুমি হাল ধরবে জানি যা হবার আপনি হবে মিছে এই টানাটানি। ছেড়ে দে দে গো ছেড়ে, নীরবে যা তুই হেরে, যেখানে আছিস বসে বসে থাক্ ভাগ্য মানি। আমার এই আলোগুলি নেবে আর জ্বালিয়ে তুলি, কেবলি তারি পিছে তা নিয়েই থাকি ভুলি। এবার এই আঁধারেতে রহিলাম আঁচল পেতে, যখনি খুশি তোমার নিয়ো সেই আসনখানি।
যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে, হে মোর স্বদেশ, মোরা তারি কাছে ফিরি সম্মানের তরে পরি তারি বেশ। বিদেশী জানে না তোরে অনাদরে তাই করে অপমান, মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই আপন সন্তান। তোমার যা দৈন্য, মাতঃ, তাই ভূষা মোর কেন তাহা ভুলি? পরধনে ধিক্ গর্ব, করি করজোড় ভরি ভিক্ষাঝুলি! পুণ্যহস্তে শাক-অন্ন তুলে দাও পাতে তাই যেন রুচে, মোটা বস্ত্র বুনে দাও যদি নিজহাতে তাহে লজ্জা ঘুচে। সেই সিংহাসন--যদি অঞ্চলটি পাত, কর স্নেহ দান। যে তোমারে তুচ্ছ করে সে আমারে, মাতঃ, কী দিবে সম্মান!
প্রভাতে একটি দীর্ঘশ্বাস একটি বিরল অশ্রুবারি ধীরে ওঠে, ধীরে ঝরে যায়, শুনিলে তোমার নাম আজ। কেবল একটুখানি লাজ-- এই শুধু বাকি আছে হায়। আর সব পেয়েছে বিনাশ। এক কালে ছিল যে আমারি গেছে আজ করি পরিহাস।