সন্ধ্যা হল গো-- ওমা, সন্ধ্যা হল, বুকে ধরো। অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো, ছড়ানো এই জীবন, তোমার আঁধারমাঝে হোক-না জড়ো। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা। তোমার রাতে মিলাক আমার জীবন-সাঁজের রশ্মিরেখা। আমায় ঘিরি আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি। আমার ব'লে যা আছে মা, তোমার ক'রে সকল হরো।
আমাদের এই নদীর কূলে নাইকো স্নানের ঘাট, ধূধূ করে মাঠ। ভাঙা পাড়ির গায়ে শুধু শালিখ লাখে লাখে খোপের মধ্যে থাকে। সকালবেলা অরুণ আলো পড়ে জলের 'পরে, নৌকা চলে দু-একখানি অলস বায়ু-ভরে। আঘাটাতে বসে রইলে, বেলা যাচ্ছে বয়ে-- দাও গো মোরে কয়ে ভাঙন-ধরা কূলে তোমার আর কিছু কি চাই? সে কহিল,ভাই, না ই, না ই, নাই গো আমার কিছুতে কাজ নাই। আমাদের এ নদীর কূলে ভাঙা পাড়ির তল, ধেনু খায় না জল। দূর গ্রামের দু-একটি ছাগ বেড়ায় চরি চরি সারা দিবস ধরি। জলের 'পরে বেঁকে-পড়া খেজুর-শাখা হতে ক্ষণে ক্ষণে মাছরাঙাটি ঝাঁপিয়ে পড়ে স্রোতে। ঘাসের 'পরে অশথতলে যাচ্ছে বেলা বয়ে-- দাও আমারে কয়ে আজকে এমন বিজন প্রাতে আর কারে কি চাই? সে কহিল, ভাই, না ই, না ই, নাই গো আমার কারেও কাজ নাই।