তোমার ঘরের সিঁড়ি বেয়ে যতই আমি নাবছি। আমায় মনে আছে কি না ভয়ে ভয়ে ভাবছি। কথা পাড়তে গিয়ে দেখি, হাই তুললে দুটো; বললে উসুখুসু করে, "কোথায় গেল নুটো।" ডেকে তারে বলে দিলে, "ড্রাইভারকে বলিস, আজকে সন্ধ্যা নটার সময় যাব মেট্রোপলিস।" কুকুরছানার ল্যাজটা ধরে করলে নাড়াচাড়া; বললে আমায়, "ক্ষমা করো, যাবার আছে তাড়া।" তখন পষ্ট বোঝা গেল, নেই মনে আর নেই। আরেকটা দিন এসেছিল একটা শুভক্ষণেই-- মুখের পানে চাইতে তখন, চোখে রইত মিষ্টি; কুকুরছানার ল্যাজের দিকে পড়ত নাকো দৃষ্টি। সেই সেদিনের সহজ রঙটা কোথায় গেল ভাসি; লাগল নতুন দিনের ঠোঁটে রুজ-মাখানো হাসি। বটসুদ্ধ পা-দুখানা তুলে দিলে সোফায়; ঘাড় বেঁকিয়ে ঠেসেঠুসে ঘা লাগালে খোঁপায়। আজকে তুমি শুকনো ডাঙায় হালফ্যাশানের কূলে, ঘাটে নেমে চমকে উঠি এই কথাটাই ভুলে। এবার বিদায় নেওয়াই ভালো, সময় হল যাবার-- ভুলেছ যে ভুলব যখন আসব ফিরে আবার।
তোমরা নিশি যাপন করো, এখনো রাত রয়েছে ভাই, আমায় কিন্তু বিদায় দেহো-- ঘুমোতে যাই, ঘুমোতে যাই। মাথার দিব্য, উঠো না কেউ আগ বাড়িয়ে দিতে আমায়-- চলছে যেমন চলুক তেমন, হঠাৎ যেন গান না থামায়। আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে, মনের মধ্যে শুনছি যেটা হাতে সেটা আসছে না যে। একেবারে থামার আগে সময় রেখে থামতে যে চাই-- আজকে কিছু শ্রান্ত আছি, ঘুমোতে যাই, ঘুমোতে যাই। আঁধার-আলোয় সাদায়-কালোয় দিনটা ভালোই গেছে কাটি, তাহার জন্যে কারো সঙ্গে নাইকো কোনো ঝগড়াঝাঁটি। মাঝে মাঝে ভেবেছিলুম একটু-আধটু এটা-ওটা বদল যদি পারত হতে থাকত নাকো কোনো খোঁটা। বদল হলে কখন মনটা হয়ে পড়ত ব্যতিব্যস্ত, এখন যেমন আছে আমার সেইটে আবার চেয়ে বসত। তাই ভেবেছি দিনটা আমার ভালোই গেছে কিছু না চাই-- আজকে শুধু শ্রান্ত আছি, ঘুমোতে যাই, ঘুমোতে যাই।