এ সংসারে একদিন নববধূবেশে তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে, রাখিলে আমার হাতে কম্পমান হাত, সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ? শুধু এক মুহূর্তের এ নহে ঘটনা, অনাদিকালের এ আছিল মন্ত্রণা। দোঁহার মিলনে মোরা পূর্ণ হব দোঁহে, বহু যুগ আসিয়াছি এই আশা বহে। নিয়ে গেছ কতখানি মোর প্রাণ হতে, দিয়ে গেছ কতখানি এ জীবনস্রোতে! কত দিন কত রাত্রে কত লজ্জাভয়ে কত ক্ষতিলাভে কত জয়ে পরাজয়ে রচিতেছিলাম যাহা মোরা শ্রান্তিহারা সাঙ্গ কে করিবে তাহা মোরা দোঁহে ছাড়া?
মান অপমান উপেক্ষা করি দাঁড়াও, কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও, ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি রুদ্রের হাতে লাভ করো শেষ বর, আনন্দ হোক দুঃখের সহচর, নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি।