শ্রীযুক্ত নন্দলাল বসুর পাহাড়-আঁকা চিত্রপত্রিকার উত্তরে শুক বলে, গিরিরাজের জগতে প্রাধান্য; সারী বলে, মেঘমালা, সেই বা কী সামান্য,-- গিরির মাথায় থাকে। শুক বলে, গিরিরাজের দৃঢ় অচল শিলা; সারী বলে, মেঘমালার আদি-অন্তই লীলা,-- বাঁধবে কে-বা তাকে। শুক বলে, নদীর জলে গিরি ঢালেন প্রাণ; সারী বলে, তার পিছনে মেঘমালার দান,-- তাই তো নদী আছে। শুক বলে, গিরীশ থাকেন গিরিতে দিনরাত্র; সারী বলে, অন্নপূর্ণা ভরেন ভিক্ষাপাত্র ,-- সে তো মেঘের কাছে।
শুক বলে, হিমাদ্রি যে ভারত করে ধন্য; সারী বলে, মেঘমালা বিশ্বেরে দেয় স্তন্য ,-- বাঁচে সকল জন। শুক বলে, সমাধিতে স্তব্ধ গিরির দৃষ্টি; সারী বলে, মেঘমালার নিত্যনূতন সৃষ্টি,-- তাই সে চিরন্তন।
যে-কথা বলিতে চাই, বলা হয় নাই, সে কেবল এই-- চিরদিবসের বিশ্ব আঁখিসম্মুখেই দেখিনু সহস্রবার দুয়ারে আমার। অপরিচিতের এই চির পরিচয় এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয় সে-কথা বলিতে পারি এমন সরল বাণী আমি নাহি জানি। শূন্য প্রান্তরের গান বাজে ওই একা ছায়াবটে; নদীর এপারে ঢালু তটে চাষি করিতেছে চাষ; উড়ে চলিয়াছে হাঁস ওপারের জনশূন্য তৃণশূন্য বালুতীরতলে। চলে কি না চলে ক্লান্তস্রোত শীর্ণ নদী, নিমেষ-নিহত আধো-জাগা নয়নের মতো। পথখানি বাঁকা বহুশত বরষের পদচিহ্ন-আঁকা চলেছে মাঠের ধারে, ফসল-খেতের যেন মিতা, নদীসাথে কুটিরের বহে কুটুম্বিতা। ফাল্গুনের এ-আলোয় এই গ্রাম, ওই শূন্য মাঠ, ওই খেয়াঘাট, ওই নীল নদীরেখা, ওই দূর বালুকার কোলে নিভৃত জলের ধারে চখাচখি কাকলি-কল্লোলে যেখানে বসায় মেলা-- এই সব ছবি কতদিন দেখিয়াছে কবি। শুধু এই চেয়ে দেখা, এই পথ বেয়ে চলে যাওয়া, এই আলো, এই হাওয়া, এইমতো অস্ফুটধ্বনির গুঞ্জরণ, ভেসে-যাওয়া মেঘ হতে অকস্মাৎ নদীস্রোতে ছায়ার নিঃশব্দ সঞ্চরণ, যে আনন্দ-বেদনায় এ জীবন বারেবারে করেছে উদাস হৃদয় খুঁজিছে আজি তাহারি প্রকাশ।