আপনি কণ্টক আমি, আপনি জর্জর। আপনার মাঝে আমি শুধু ব্যথা পাই। সকলের কাছে কেন যাচি গো নির্ভর-- গৃহ নাই, গৃহ নাই, মোর গৃহ নাই। অতি তীক্ষ্ণ অতি ক্ষুদ্র আত্ম-অভিমান সহিতে পারে না হায় তিল অসম্মান। আগেভাগে সকলের পায়ে ফুটে যায় ক্ষুদ্র ব'লে পাছে কেহ জানিতে না পায়। বরঞ্চ আঁধারে রব ধুলায় মলিন, চাহি না চাহি না এই দীন অহংকার-- আপন দারিদ্র৻ে আমি রহিব বিলীন, বেড়াব না চেয়ে চেয়ে প্রসাদ সবার। আপনার মাঝে যদি শান্তি পায় মন বিনীত ধুলার শয্যা সুখের শয়ন॥
যাবার দিকের পথিকের 'পরে ক্ষণিকার স্নেহখানি শেষ উপহার করুণ অধরে দিল কানে কানে আনি। "ভুলিব না কভু, রবে মনে মনে' এই মিছে আশা দেয় খনে খনে, ছলছল ছায়া নবীন নয়নে বাধোবাধো মৃদু বাণী। যাবার দিকের পথিক সে কথা ভরি লয় তার প্রাণে। পিছনের এই শেষ আকুলতা পাথেয় বলি সে জানে। যখন আঁধারে ভরিবে সরণী, ভুলে-ভরা ঘুমে নীরব ধরণী, "ভুলিব না কভু,' এই ক্ষীণধ্বনি তখনো বাজিবে কানে। যাবার দিকের পথিক সে বোঝে-- যে যায় সে যায় চ'লে, যারা থাকে তারা এ উহারে খোঁজে, যে যায় তাহারে ভোলে। তবুও নিজেরে ছলিতে ছলিতে বাঁশি বাজে মনে চলিতে চলিতে "ভুলিব না কভু' বিভাসে ললিতে এই কথা বুকে দোলে।