চোখে দেখিস, প্রাণে কানা। হিয়ার মাঝে দেখ্-না ধরে ভুবনখানা। প্রাণের সাথে সে যে গাঁথা, সেথায় তারি আসন পাতা, বাইরে তারে রাখিস তবু-- অন্তরে তার যেতে মানা? তারি কণ্ঠে তোমার বাণী, তোরি রঙে রঙিন তারি বসনখানি। যে জন তোমার বেদনাতে লুকিয়ে খেলে দিনে রাতে সামনে যে ওই রূপে রসে সেই অজানা হল জানা।
সংসারের নানা ক্ষেত্রে নানা কর্মে বিক্ষিপ্ত চেতনা-- মানুষকে দেখি সেথা বিচিত্রের মাঝে পরিব্যাপ্ত রূপে; কিছু তার অসমাপ্ত, অপূর্ণ কিছু বা। রোগীকক্ষে নিবিড় একান্ত পরিচয় একাগ্র লক্ষ্যের চারি দিকে, নূতন বিস্ময় সে যে দেখা দেয় অপরূপ রূপে। সমস্ত বিশ্বের দয়া সম্পূর্ণ সংহত তার মাঝে, তার করস্পর্শে, তার বিনিদ্র ব্যাকুল আঁখিপাতে।
সন্ধ্যা হল, একলা আছি ব'লে এই-যে চোখে অশ্রু পড়ে গ'লে ওগো বন্ধু, বলো দেখি শুধু কেবল আমার এ কি। এর সাথে যে তোমার অশ্রু দোলে। থাক্-না তোমার লক্ষ গ্রহতারা, তাদের মাঝে আছ আমায়-হারা। সইবে না সে, সইবে না সে, টানতে আমায় হবে পাশে-- একলা তুমি, আমি একলা হলে।