বাদলবেলায় গৃহকোণে রেশমে পশমে জামা বোনে, নীরবে আমার লেখা শোনে, তাই সে আমার শোনামণি। প্রচলিত ডাক নয় এ যে দরদীর মুখে ওঠে বেজে, পন্ডিতে দেয় নাই মেজে-- প্রাণের ভাষাই এর খনি। সেও জানে আর জানি আমি এ মোর নেহাত পাগলামি-- ডাক শুনে কাজ যায় থামি, কঙ্কণ ওঠে কনকনি। সে হাসে, আমিও তাই হাসি-- জবাবে ঘটে না কোনো বাধা। অভিধান-বর্জিত ব'লে মানে আমাদের কাছে সাদা। কেহ নাহি জানে কোন্ খনে পশমের শিল্পের সাথে সুকুমার হাতের নাচনে নূতন নামের ধ্বনি গাঁথে শোনামণি, ওগো সুনয়নী।
তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না-- দিনে দিনে উঠছে জমে কতই দেনা। সবাই তোমায় সভার বেশে প্রণাম করে গেল এসে, মলিন বাসে লুকিয়ে বেড়াই মান রহে না। কী জানাব চিত্তবেদন, বোবা হয়ে গেছে যে মন, তোমার কাছে কোনো কথাই আর কহে না। ফিরায়ো না এবার তারে লও গো অপমানের পারে, করো তোমার চরণতলে চির-কেনা।