আমি অধম অবিশ্বাসী, এ পাপমুখে সাজে না যে 'তোমায় আমি ভালোবাসি'। গুণের অভিমানে মেতে আর চাহি না আদর পেতে, কঠিন ধুলায় বসে এবার চরণসেবার অভিলাষী। হৃদয় যদি জ্বলে, তারে জ্বলিতে দাও, জ্বলিতে দাও। ঘুরব না আর আপন ছায়ায়, কাঁদব না আর আপন মায়ায়-- তোমার পানে রাখব ধরে প্রাণের অচল হাসি।
ফুলের মতন আপনি ফুটাও গান, হে আমার নাথ, এই তো তোমার দান। ওগো সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি, আমার বলিয়া উপহার দিতে আসি, তুমি নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি, দয়া করে প্রভু রাখো মোর অভিমান। তার পরে যদি পূজার বেলার শেষে এ গান ঝরিয়া ধরার ধুলায় মেশে, তবে ক্ষতি কিছু নাই-- তব করতলপুটে অজস্র ধন কত লুটে কত টুটে, তারা আমার জীবনে ক্ষণকালতরে ফুটে, চিরকালতরে সার্থক করে প্রাণ।