এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে, এ মলিন মালা কে লইবে। ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে, এ চির বিষাদ কে বহিবে। সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান, এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে নীরব নিরাশা কে সহিবে।
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার ঢালিতেছ এত সুখ, ভেঙে গেল— গেল বুক— যেন এত সুখ হৃদে ধরে না গো আর । তোমার চরণে দিনু প্রেম-উপহার— না যদি চাও গো দিতে প্রতিদান তার নাই বা দিলে তা মোরে, থাকো হৃদি আলো করে, হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।