আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ॥ দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে, হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি ॥ আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাঁকি। আমার গানে তোমায় ধরব ব'লে উদাস হয়ে যাই যে চলে, তোমার গানে ধরা দিতে ভালোবাসি ॥
ও কথা বোলো না তারে, কভু সে কপট না রে-- আমার কপাল-দোষে চপল সেজন। অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি, সদাই মনের মতো করে অন্বেষণ। ভালো সে বাসিত যবে করে নি ছলনা। মনে মনে জানিত সে সত্য বুঝি ভালোবাসে-- বুঝিতে পারেনি তাহা যৌবনকল্পনা। হরষে হাসিত যবে হেরিয়া আমায়, সে হাসি কি সত্য নয়। সে যদি কপট হয় তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়। ও কথা বোলো না তারে-- কভু সে কপট না রে, আমার কপাল-দোষে চপল সেজন। প্রেমমরীচিকা হেরি ধায় সত্য মনে করি, চিনিতে পারে নি সে যে আপনার মন॥