তবে শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥ বাহুডোরে বাঁধি কারে, স্বপ্ন কভু বাঁধা পড়ে? বক্ষে শুধু বাজে ব্যথা, আঁখি ভাসে জলে॥
আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেম অন্ধকারে হা রে॥ আগল ধরে দিলেম নাড়া-- প্রহরে গেল, পাই নি সাড়া, দেখতে পেলেম না যে তা রে হা রে॥ তবে যাবার আগে এখান থেকে এই লিখনখানি যাব রেখে-- দেখা তোমার পাই বা না পাই দেখতে এলেম জেনো গো তাই, ফিরে যাই সুদূরের পারে হা রে॥