আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে। বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥ আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি-- মরি আমি সেই খেদে ॥ অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা। তোর প্রাণের বাঁশির তান সে নানা সেই আমারই ছিল জানা, আজ মরণ-বীণার অজানা সুর নেব সেধে ॥
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চ'লে যায়-- পিছে ফেলে যায় মিছে আশা ॥ অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা ॥