না বলে যায় পাছে সে আঁখি মোর ঘুম না জানে। কাছে তার রই, তবুও ব্যথা যে রয় পরানে॥ যে পথিক পথের ভুলে এল মোর প্রাণের কূলে পাছে তার ভুল ভেঙে যায়, চলে যায় কোন্ উজানে॥ এল যেই এল আমার আগল টুটে, খোলা দ্বার দিয়ে আবার যাবে টুটে, খেয়ালের হাওয়া লেগে যে খ্যাপা ওঠে জেগে সে কি আর সেই অবেলায় মিনতির বাধা মানে॥
জানি গো, দিন যাবে এ দিন যাবে। একদা কোন্ বেলাশেষে মলিন রবি করুণ হেসে শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ॥ পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে-- তবুও দিন যাবে এ দিন যাবে ॥ তোমার কাছে আমার এ মিনতি যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি-- তোমার কাছে আমার এই মিনতি ॥ সাঙ্গ যবে হবে ধরার পালা যেন আমার গানের শেষে থামতে পারি শমে এসে-- ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা-- সাঙ্গ যবে হবে ধরার পালা ॥