বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে। গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে বুকের শিরে শিরে॥ অলখ তারে বাঁধা অচিন বীণা ধরার বক্ষে রহে নিত্য লীনা-- এই হাওয়া কত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে॥ ঋতুর পরে ঋতু ফিরে আসে বসুন্ধরার কূলে চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে। গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে-- এই হাওয়া ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে॥
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে॥ ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে-- ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন্ চুলায় রে। ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে-- কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে॥