আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-- আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥ যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে, সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন-- আমার ব্যথার পূজা হবে সমাপন ॥ অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভ'রে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা, অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন-- আমার ব্যথার পূজা হবে সমাপন ॥
ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন; এ খেলা খেলাবে, হে ভগবন, আর কতখন। শেষ যাহা হবেই হবে, তারে সহজে হতে দাও শেষ। সুন্দর যাক রেখে স্বপ্নের রেশ। জীর্ণ কোরো না, কোরো না, যা ছিল নূতন।