শুক্নো পাতা কে যে ছড়ায় ওই দূরে উদাস-করা কোন্ সুরে॥ ঘরছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি ক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে॥ চিনি চিনি হেন ওরে হয় মনে, ফিরে ফিরে যেন দেখা ওর সনে। ছদ্মবেশে কেন খেলো, জীর্ণ এ বাস ফেলো ফেলো-- প্রকাশ করো চিরনূতন বন্ধুরে॥
আমার ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি, ওগো নিঠুর, দেখতে পেলে তা কি॥ তার সব ঝরেছে, সব মরেছে, জীর্ণ বসন ওই পরেছে-- প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি॥ কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি। এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি। তার দীপের আলো কে নিভালো, তারে তুমি জ্বালো জ্বালো-- আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি॥