তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই-- দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥ সে-সব চাওয়া সুখে দুখে ভেসে বেড়ায় কেবল মুখে, গভীর বুকে যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥ বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে-- ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে। একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর-আলোতে প্রাণের স্রোতে-- অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥
মোর স্বপন-তরীর কে তুই নেয়ে। লাগল পালে নেশার হাওয়া, পাগল পরান চলে গেয়ে। আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না, ও তোর সুদূর ঘাটে চল্ রে বেয়ে। আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক্ পিছে। তোমারঘোমটা খুলে দাও তোমার নয়ন তুলে চাও, দাও হাসিতে মোর পরান ছেয়ে॥