কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে! মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার– পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে– পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।।
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥ সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে-- রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥ ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে-- বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥