আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ॥ যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-- এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে ॥ আমার এ ঘর বহু যতন ক'রে ধুতে হবে মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে ॥
মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে 'আয়, আয়'। ঘুমঘোরে বলে চাঁদ 'কোথায় কোথায়'॥ না জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে, আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়॥ সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরে তারাগুলি ঘিরে ব'সে বাঁশরি বাজায়। মেয়েরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে, লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়॥
সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী! কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥ কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী! কার নাচনের নূপুর বাজে জানি না যে॥ তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে। কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে। কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী! কে সাজালে রঙিন সাজে জানি না যে॥