ওকে বোঝা গেল না--চলে আয় চলে আয়। ও কী কথা যে বলে সখী, কী চোখে যে চায়। চলে আয়, চলে আয়। লাজ টুটে শেষে মরি লাজে, মিছে কাজে, ধরা দিবে না যে, বলো কে পারে তায়। আপনি সে জানে তার মন কোথায়। চলে আয়, চলে আয়।
তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়। তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায়।। অসীম সৌন্দর্য তব কে করেছে অনুভব হে, সে মাধুরী চিরনব– আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায়।। তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আঁধারে। তুমি মুক্ত মহীয়ান, আমি মগ্ন পাথারে। তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন– কী অপূর্ব মিলন তোমায় আমায়।।
কেন নিবে গেল বাতি। আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি, তাই নিবে গেল বাতি।। কেন ঝরে গেল ফুল। আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল।। কেন মরে গেল নদী ।। আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী।। কেন ছিঁড়ে গেল তার। আমি অধিক আবেগে প্রাণপণ বলে দিয়েছিনু ঝঙ্কার, তাই ছিঁড়ে গেল তার ।।